
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযানে মাগুরা সদর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে মাগুরা সদর উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কের বিএডিসি অফিসের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মো. নাসির (৩৫) এবং একই উপজেলার জগদাল ঠাকুরভিটা গ্রামের মো. ইমাম উদ্দিন (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি গাঁজা নিয়ে ঢাকামুখী যাচ্ছিল। পরবর্তীতে ওই স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন অটোরিকশাটি থামানো হয় এবং তল্লাশিতে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে মাগুরা ও আশপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে এবং আসামিদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “র্যাবের অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তদন্তের মাধ্যমে মাদক চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।”
র্যাব-৬ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
Leave a Reply