
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ — জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।
সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন একটি রাজনৈতিক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির
এছাড়াও, প্রতিনিধি দলে যোগ দেয়ার কথা রয়েছে জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকের।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, এই সফরের মাধ্যমে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশে চলমান গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply