
তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে তা কঠোরভাবে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবার্তা দেন।
প্রেস সচিব বলেন, “আমরা এখন নির্বাচনের মোডে। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে এই পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
তিনি উল্লেখ করেন, কিছু মহল অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলনের চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই স্পষ্ট করে বলা হয়েছে—এ ধরনের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম দাবি করেন, বর্তমানে পরিস্থিতি ভালো রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে কথা বললে গত ছয় মাস বা গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান জানতে পারবেন। আমরা যে তথ্য দেখছি, তাতে পরিস্থিতি অনেক ভালো। নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাড়ে তিন লাখ আনসারের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। বডি ক্যামেরা ও সিসিটিভি পরিচালনা নিয়েও প্রশিক্ষণ চলছে।”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিকে একটি “সুন্দর, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসাহমুখর অবাধ ও সুষ্ঠু নির্বাচন” উপহার দিতে চান। গত ১৬ মাসে প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার এসব আন্দোলন শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করেছে। অধিকাংশ ক্ষেত্রে লাঠিচার্জের বাইরে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, যা বাংলাদেশের ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন তিনি
Leave a Reply